প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। রানের খাতা না খুলে সাঝঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান।

বিশ্ব ফার্নান্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন সাইফ। যদিও লঙ্কানদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। রিফিউ নিয়ে তাতে সফল হয়ে সাইফকে প্যাভিলিয়নের পথে পাঠান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

সাইফের বিদায়ের পর তামিম ইকবালকে সঙ্গ দিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। এদিকে ৫৩ বলে ১০ চারে হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। ১ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর মাঠে নেমে দারুণভাবে খেলতে থাকেন তামিম-শান্ত। ১২০ বলে ৭ চারে হাফসেঞ্চুরি তুলে নেন শান্ত। কিন্তু এরপরই দুর্দান্ত খেলতে থাকা এই জুটিতে আঘাত হানেন বিশ্ব ফার্নান্দো।

১০১ বলে ১৫ চারে ৯০ রান করে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন তামিম। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরতে হল তামিমকে। তামিমের বিদায়ের পর ক্রিজে নামেন মুমিনুল। শান্তকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিনি।

এরই মধ্যে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। ২৩৫ বলে ১২ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান। শান্ত ১০৫ ও মুমিনুল ৪৯ রানে অপরাজিত আছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর