ইসলামপুরে ডাকাত সর্দারকে গলা কেটে হত্যা, আটক ২

পূর্বের শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম প্রজাপ্রতিরচরে সুজন তরফদার ডাকাতকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সাপধরি ইউনিয়নের যমুনার দুর্গম প্রজাপ্রতির চর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন ডাকাত উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।

এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,ওই এলাকার মৃত বাহার উদ্দিন পরামানিকের ছেলে ফকির (২৮) ও আকবর পরামানিক (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত ডাকাত একাধিক মামলার ফেরারি আসামি সুজন তরফদার উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপ্রতির চর মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন।

নামাজ শেষে প্রজাপতির চর বাজারে একটি চায়ের দোকানের চা খেতে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, পূর্বের শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সুজনকে হত্যা করেছে।

সুজন একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১৩থেকে ১৪টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গভীর রাতেই মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর