করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২১ এপ্রিল) চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তার অক্সিজেন স্যাচুরেশনও এখন অনেক ভালো। চিকিৎসকরা আশা করছেন এভাবে উন্নতি হলে দু-একদিনের মধ্যে আর অক্সিজেন সাপোর্ট লাগবে না। তার ব্লাডপেশার ও ডায়াবেটিকসও এখন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, সবমিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতেও পারছেন। প্রতিদিন তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং ব্যায়াম করানো হচ্ছে।
গত ১৬ মার্চ রুহুল করিব রিজভী করোনায় আক্রান্ত হন। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বার্তাবাজার/নব