করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে গত ১২ এপ্রিল থেকে সর্দি কাশিতে ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা শনাক্ত হয়। নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান এই কবি।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বুধবার (২১ এপ্রিল) সকালে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি।
জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার পঞ্চপাণ্ডবের একজন ছিলেন তিনি। বাকি চারজন হলেন শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়।
১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন শঙ্খ ঘোষ। তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। দীর্ঘ কর্মজীবনে দিল্লি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব আইওয়া এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন শঙ্খ ঘোষ।
বছর দুয়েক আগে ‘মাটি’ নামের একটি কবিতায় কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন তিনি।
বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান কিংবদন্তিপ্রতিম। ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তার খ্যাতি সর্বজনবিদিত।
বার্তাবাজার/নব