গার্মেন্টস ফ্যাক্টরিতে বিস্ফোরণ, উড়ে গেল বিশাল লোহার গেট

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারখানাটির ডাইং বিভাগের কাপড় শুকানোর মেশিন থেকে হওয়া বিস্ফোরণে সামনে থাকা ২০ফুট উচু লোহার গেট উড়ে যায়।

কর্তৃপক্ষের দাবি, এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে যায় মেশিনসহ বিপুল পরিমাণের কাপড়

মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় অবস্থিত ক্যাডটেক্স গার্মেন্টের ডাইং বিভাগে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাপড় শুকানোর চলন্ত মেশিন থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ গজ দূরে কারখানার ২০ ফুট উঁচু বিশাল বড় লোহার তৈরি মেইন গেইট উড়ে সড়কে পড়ে যায়। এসময় ভয়ে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে যায়। এসময় কারখানায় প্রায় শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ আগুনে ডাইং বিভাগে বিপুল পরিমাণের কাপড় ও মূল্যবান মেশিন পুড়ে ছাই হয়ে যায়। কারখানার পক্ষ থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ারসাভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কারখানার প্রশাসন বিভাগের ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, রাত ১টা ৩৫ মিনিটে স্ট্যান্ডার্ড মেশিনের ডার্জ থেকে আগুন লেগে কাপড় ও মেশিন পুড়ে গেছে। তখন কারখানায় ৬০/৭০ জন কর্মচারী কর্মরত ছিলো। ফায়ার সার্ভিসে ফোন করার পর তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। এতে কোনো হতাহত হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে রাত ২টায় অন্তিম গ্রুপের ক্যাডটেক্স গার্মেন্টে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ জানা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর