মুক্তিপণ না পেয়ে হাফেজে কুরআনকে হত্যা, ২৫ দিন পর মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার থেকে অপহরণ করে বান্দরবানের লামায় এনে মুক্তিপণ না পেয়ে হত্যা করে মরদেহ গুম করার প্রায় ২৫ দিনপর ওলিউল্লাহ স্বাধীন (২০) নামে একজন হাফেজে কোরাআনের দেহবাশেষ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউপির ৫নং ওয়ার্ড (গহীন জঙ্গল) সিংঝিরি পাহাড়ের উপর হতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত হাফেজ ওলিউল্লাহ স্বাধীন (২০) দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউপির মো. মোবারক হোসেনের ছেলে।

এই ঘটনায় মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে অপহরণকারী দু’জনকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- দেবিদ্বারের ফতোয়াবাদ ইউপির আব্দুল গণির ছেলে আরিফ (১৭) ও বুড়িচং থানার ষোলনল ইউপির আব্দুল মালেকের ছেলে ফঅয়েজ আহমেদ (৩৮)। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি আরিফ বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউপির মোহাম্মদ ইউনুস মোল্লার মেয়ের জামাই।

নিহত স্বাধীনের বড় ভাই রিয়াজ উদ্দিন সোহেল বলেন, গত ২২ মার্চ আমার ভাই বন্ধুর বাসায় বেড়াতে যাবে বলে বাড়ি থেকে বের হওয়ার ২/৩দিন পর অজ্ঞাত ব্যক্তি শান্তিবাহিনী পরিচয় দিয়ে কল দেয়, এবং তারই ইমো থেকে হাত পা বাঁধা অপহরণের বিভিন্ন ছবি দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু আমার ভাইয়ের সাথে কথা বলতে চাইলে মোবাইল কেটে দিয়ে বন্ধ করে ফেলে। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ২৪ মার্চ বুড়িচং থানায় একটি জিডি করি।

লামা থানার ওসি মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তদন্ত সাপেক্ষে ঘটনার মূল হোতা ফয়েজ আহমদের শ্বশুরবাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ করে হাফেজ স্বাধীনকে গত ২৫মার্চ শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে শিংঝিরি গভীর জঙ্গলে পুঁতে রাখা মাটির নিচ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, স্বাধীনের মরদেহ শনাক্ত করেন তার দুই বড় ভাই। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর