ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ নেতা নুরুল হক নুরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম কোতোয়ালী থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নুরুল হক নূরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
মামলার বাদী নিজেকে চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন।
অভিযোগে বলা হয়, নূর ব্যক্তিগত আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মুসলমান নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন। বাদি কোতোয়ালী থানার কোর্ট হিলে আইনজীবী এনেক্স ভবনের-১ নিচতলায় অ্যাডভোকেট তসলিম উদ্দিনের চেম্বারে বসে নূরের এ বক্তব্য শোনেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’ এ বক্তব্যের পর নূরের বিরুদ্ধে ঢাকা ও সিলেটে ইতোমধ্যে মামলা হয়েছে।
বার্তা বাজার/এসজে