দল পুনর্গঠন করে রাজপথে নেমে সরকারবিরোধী আন্দোলন করতে চান বিএনপির ভাইস চেয়ারম্যানরা। মঙ্গলবার (২০ এপ্রিল) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনলাইনে বৈঠকে তারা এই সিদ্ধান্তের কথা জানান।
প্রায় ৩ ঘন্টার ওই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্শ পর্যায়ের নেতারা অংশ নেন। বৈঠকটি পরিচালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দলের ভাইস চেয়ারম্যানদের মধ্যে অংশ নেন শাহ মোয়াজ্জেম হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাজাহান, মীর মো. নাসির উদ্দিন এবং কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের হাইকমান্ডকে ভাইস চেয়ারম্যানরা জানিয়েছেন, ক্ষমতাসীন সরকারের নির্যাতন, মামলা-হামলার বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই। যার নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। এজন্য কালবিলম্ব না করে রাজপথের আন্দোলনে যাওয়ার বিষয়ে তাঁরা মতামত দেন। একইসংগে তাঁরা দলকে শক্তিশালী করতে পুনর্গঠনের উপরও জোর দেন।
নেতারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগে সম্পৃক্ত সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে যুগপৎ আন্দোলনে যেতে হবে। সেখানে ডান-বাম কোনো ভেদাভেদ রাখা যাবে না। তখন বেশ কয়েকজন নেতা বিএনপির আন্দোলন বিমুখতার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
সেখানে উপস্থিত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপির শীর্ষ পর্যায়ে ধারাবাহিক এ বৈঠকের মাধ্যমে দলের হাইকমান্ড নেতাদের মতামত নিচ্ছে। এর মাধ্যমে তাঁরা একটি কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে পারবেন।
গত শুক্রবার চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্যদের সংগে ধারাবাহিক এ বৈঠক শুরু হয়। দলের ৮২ জন উপদেষ্টার পর এবার ৩০ জন ভাইস চেয়ারম্যানের সংগে বৈঠক শুরু করে হাইকমান্ড। পর্যায়ক্রমে এই বৈঠক চলবে।
বার্তা বাজার/এসজে