জাপানি সাংবাদিক গ্রেফতার করায় মিয়ানমারের ওপর চাপ

জাপানের সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ বাড়িয়েছে দেশটি। দ্রুততম সময়ের মধ্যে এই সাংবাদিকের মুক্তি দেওয়ার জন্য তারা জোর দাবি জানিয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) মায়ানমারের জাপানি দূতাবাস থেকে জানানো হয়, তাদের দেশের সাংবাদিক ইউকি কিটাজুমিকে ইয়াঙ্গনের কাছে ইয়েনসিন কারাগারে রাখা হয়েছে।

বিবিসিকে স্থানীয় এক নাগরি জানিয়েছে, গত রোববার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাংবাদিক ইউকিকে। তাকে দু’হাত উপরে তুলে অপরাধীদের মত গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি মায়ানমারের জান্তা সরকারের কেউই।

‘ইয়াঙ্গন মিডিয়া প্রফেশনালস’ নামের একটি মিডিয়া প্রোডাকশন সংস্থা চালাতেন ইউকি। তার আগে তিনি বাণিজ্যিক সংবাদপত্র ‘নিক্কেই’-এর সাংবাদিক ছিলেন। ইউকির ফেসবুক পেজ এবং অনলাইন মিডিয়ায় দেওয়া তাঁর নানা সাক্ষাৎকার থেকে এমনটাই জানা গিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতেও গ্রেপ্তার করা হয়েছিল ইউকিকে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান কভার করছিলেন তিনি। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির প্রথম দিনে মিয়ানমারের নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার ক্ষমতায় বসে দেশটির সেনারা। কারাগারে নিক্ষেপ করা হয় সু চি ও তার সরকারের শীর্ষ নেতাদের। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। সম্প্রতি বৌদ্ধ নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে সেনারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর