চলমান লকডাউনে বন্ধ থাকা সকল দোকানপাট ও শপিং কমপ্লেক্স আগামী সোমবার (২৬ এপ্রিল) খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে তিনি গণমাধ্যমকে জানান, আমরা আশা করছি প্রধানমন্ত্রী আগামী সোমবার থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে।
তিনি জানান, আমরা প্রধানমন্ত্রীকে বলেছি তিনি যেন আগামী সোমবার সারাদেশের দোকান ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের দাবি ফেলবেন না। এর আগেও আমাদের কোনও দাবি তিনি ফেলেননি। সোমবার থেকে দোকান ও বিপণিবিতান খুলে দেওয়া হলে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবো।
তবে এর মধ্যে আবারও ৭ দিনের লকডাউন জারি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২২ এপ্রিল ভোর ৬টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পরবর্তী লকডাউনে কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য বলা হয়েছে।
এর আগে অবশ্য বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানায়নি।
বার্তা বাজার/এসজে