ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদে হামলা-ভাঙচুর, চেয়ারম্যান আহত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এক বৈঠককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এ সময় ইউনিয়নের চেয়ারম্যান ও ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সীমান্ত কুমার বর্মণ (নির্মল) গুরুতর আহত হন।
ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ বলেন, ঢোলারহাট বাজারে দোকান ঘরকে কেন্দ্র করে গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এরপর দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে বসে সমাধান করার কথা বললে উভয় পক্ষ ইউনিয়ন পরিষদে আসে। এ সময় দোকান ঘরের ক্রেতা উত্তর ঠাকুরগাঁও বোনপাড়া গ্রামের শমসের আলীর ছেলে নুর হোসেনের লোকজন পরিষদে হামলা চালায় ও সরকারি লেপটপ, ডেস্কটপসহ আসবাবপত্র ভাঙচুর করে। এতে আমিও আহত হয়েছি।
তিনি আরো জানান, ঠাকুরগাঁও শহর থেকে ১৫-২০টি মোটরসাইকেলে লোকজন এসে হঠাৎ হামলা চালায়। সকলকে আমি চিনতে পারিনি। পরিষদের সিসি ক্যামেরায় দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, দোকান ঘর ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দোকান ঘর ক্রেতা শমসের আলীর ছেলে নুর হোসেন (৩৫) ও বিক্রেতা অশ্বিনী কুমার বর্মনের ছেলে সবীর কুমার বর্মণকে (৩৫) জিজ্ঞেসবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/ই.এইচ.এম