কক্সবাজারে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের রামুতে উঁচু পাহাড় থেকে পড়ে ৩০ বছর বয়সী একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) ভোর রাতের উপজেলার ঈদগড় পানেরছড়া এলাকায় সড়কের পাশের পাকা ড্রেনে পড়ে হাতিটির মৃত্যু হয়। হাতিটির মাথায় আঘাত চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে পথচারীরা হাতির মরদেহ দেখতে পেয়ে ভোমরিয়া ঘোনা বিট অফিসে খবর দিলে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের পর হাতিটি মাটি চাপা দেয়া হয়।

ঈদগাও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খাবার সংগ্রহ করতে গিয়ে কোনভাবে হাতিটি পাহাড় থেকে পড়ে সড়কের পাশে পাকা ড্রেনের সাথে মাথায় আঘাত পেয়ে সেখানেই মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলকারনাইন জানান, ৩০ বছর বয়সী মাদী হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এদিকে, হাতিটি পাহাড়ের যে স্থান থেকে পড়ে গিয়েছিল তার পাশেই ছিল হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। সুতরাং হাতিটি পড়ে যাওয়ার আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে থাকতে পারে ধারণা স্থানীয়দের।

প্রসঙ্গত, গত দুই বছরে কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ১২ টি বন্য হাতির মৃত্যু হয়েছে।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর