করোনায় মারা যাওয়া হিন্দু ব্যক্তিকে জানাজা শেষে দাফন

নারায়ণগঞ্জের তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালের সংশ্লিষত কর্তৃপক্ষের দেওয়া ভুল তথ্যের কারনে করোনায় মারা যাওয়া বাবুল চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে জানাজা শেষে দাফন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের স্বজনদের সাথে যোগাযোগ না করেই সিটি করপোরেরশনের এক কাউন্সিলরকে জানায়, করোনা ছড়িয়ে পড়ার ভয়ে রোগীর স্বজনরা মরদেহ নিতে চাচ্ছেন না। পরে তার মরদেহ জানাজা শেষে দাফন করা হয়।

জানা যায়, শনিবার (১৭ এপ্রিল) সকালে এ হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা রোগী বাবুল চন্দ্র দাস মারা যান।

সেদিন দুপুরে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এম এ বাশার জানান, হাসপাতালের এন্ট্রি খাতার তথ্যানুযায়ী মৃত রোগীর নাম বাবুল। বয়স পঞ্চাশ। সৈকত নামের একজন তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। ফতুল্লার সৈয়দপুর এলাকায় তার বাড়ি। হাসপাতালে ভর্তির পর থেকে তার আত্মীয়রা কেউ খোঁজ নেননি। মৃত্যুর পর তার পরিবারকে জানানো হলেও করোনা রোগী হওয়ায় তারা মরদেহ নিতে চাচ্ছিলেন না। তাই মরদেহ দাফনের জন্য কাউন্সিলর শওকত হাশেমকে জানানো হয়েছে।

এ বিষয়ে ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম বলেন, যেহেতু হাসপাতালের রেকর্ডে মৃত ব্যক্তিকে মুসলমান হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই আমরা মরদেহ দাফনের ব্যবস্থা করি। এছাড়া গোসলের সময় ওই ব্যক্তির খৎনা করা দেখতে পাই।

বাবুল দাসকে হাসপাতালে নিয়ে আসা গোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সৈকত হোসেন বলেন, বাবুল চন্দ্র দাস ছয় বছর ধরে আমাদের এলাকার খোকন মণ্ডলের দর্জি দোকানে কাজ করত। পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। সে দোকানে ঘুমাত, হোটেলে খেত। গত ১৪ এপ্রিল বাবুল অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে মহাখালী নিয়ে যাই চিকিৎসা করাতে। সেখানে পরীক্ষা করে জানা যায়, তার করোনা পজিটিভ। এরপর তাকে ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে এনে ভর্তি করি।

তিনি বলেন, ভর্তির সময় আমরা তার নাম বাবুল চন্দ্র দাস বললেও এন্ট্রি খাতায় লেখা হয় শুধু বাবুল। গত রোববার প্রথম আমরা তার মৃত্যুর খবর পাই। পরে যখন হাসপাতাল থেকে আমাকে ফোন করা হয়, তখন মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার মৃত্যুর সাথে সাথেই যদি আমাদের ফোন দিতো তাহলে এই সমস্যা হতো না। তার মরদেহ সৎকারের ব্যবস্থাও আমরা করতাম। প্রাকৃতিকভাবেই তার খৎনা করা ছিল।

হাসপাতাল সুপার ডা. বাশারের বলেন, বাবুল করোনা পজিটিভ- এটি জানার পর থেকেই তার পরিবার যোগাযোগ বন্ধ করে দেয়। যেদিন বাবুল মারা যান, সেদিন বারবার তার পরিবারকে ফোন দেওয়া হয়। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরে সিটি করপোরেশনের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করি। পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই এ কনফিউশন তৈরি হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর