কোনো আলেমকে গ্রেফতার করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সরকার কোনো আলেম বা ধর্মীয় নেতাকে গ্রেফতার করছে না, দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন থেকে এটুআই এবং বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, যে সমস্ত দুষ্কৃতিকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ারস্টেশন ও রেলস্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের উপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেফতার করছে।

ড. হাছান মাহমুদ বলেন, কোনো ভালো আলেম এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। আলেম নামে মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেফতার করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সঙ্গে কেউ দেখা করতে চাইলে করতেই পারে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, কিন্তু তাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ব্যত্যয় হবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর