জমি সংক্রান্ত বিরোধের জের: রাজৈরে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৪, বাড়ি-ঘর ভাংচুর
মাদারীপুরের রাজৈরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুটি ও গাছ উৎপাটনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ ৪ জন আহত হয়। আহতদের ফরিদপুর ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদি গ্রামের মৃত মেরজন শেখের ছেলে সিদ্দিক শেখের(৩৫) সাথে আনার উদ্দিন মাতুব্বরের ছেলে নান্নু মাতুব্বরের(৩৫) দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার জমির পরিমাপ চিহ্ন সিমেন্টের খুটি ও গাছ তুলে ফেলে দেয় সিদ্দিক গ্রুপের লোকজন।

এনিয়ে নান্নু গ্রুপের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে সোমবার সন্ধ্যায় ইফতারের পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ৭টি বসতঘর ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে আহত ইয়াসিন আরাফাত(১৫) ও কেয়া বেগম(৩৫) মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং পারুল বেগম(৩০) ও লাখী বেগমকে(২৫) রাজৈর হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে প্রেরন করা হয়েছে।
নান্নু মাতুব্বর জানান, আমার ক্রয়কৃত জমি সিদ্দিক ও তার সহযোগীরা তাদের দাবী করে এবং আমার বাবাসহ লোকজনদের হুমকি ধামকি দিচ্ছিলো। পরে আমার জমির গাছ কেটে ফেলায় জিজ্ঞেস করতে গেলে চাচাতো ভাই সরোয়ার আকন ও সালাম আকনের বাড়িতে হামলা করে লুটপাট চালায়। এর সুষ্ঠু বিচার চাই।
সিদ্দিকের ভাতিজা ফারুক শেখ জানান, তারা জোরপূর্বক খুটি গাড়ায় আমরা উঠাই ফেলছি। তাই তারা মারামারি ও কোপাকুপি করছে। এবং আমার ছোট ছেলেকেও একা পেয়ে বেদম মারধর করছে। কিন্তু আমরা কোন হামলা করি নাই।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন হাওলাদার জানান, এ ঘটনায় তিন দফায় পুলিশ পাঠানো হয়েছে। কিছুটা সাজানো মনে হচ্ছে। তাই তদন্ত চলছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস