৩০০ রানের উপরে বড় সংগ্রহ গড়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হারের পর তাই বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রশংসার পাশাপাশি নিজ দলের ব্যাটসম্যানদের কাঁধেও দায় চাপালেন জেসন হোল্ডার। ৩৯ ওভার শেষেও ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২৪০। হাতে তখনো ৭ উইকেট। ৩৫০ পার হওয়াটা তখন খুবই সম্ভব বলে মনে হচ্ছিল।
কিন্তু শেষ দিকে মোস্তাফিজুর-সাইফদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২১–এর বেশি যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারও মানছেন, অন্তত ৪০-৫০ রান কম করেছে তার দল। আর সেখানেই ম্যাচটা হেরে গেছে ক্যারিবিয়রা।
ম্যাচশেষে হোল্ডার বলেছেন, ‘আমার মনে হচ্ছিল আমরা কিছু রান কম করেছি। উইকেটের পার স্কোর, মাঠের আকৃতি—সব বিবেচনা করলে আমাদের ৩৬০-৩৭০ রান করা উচিত ছিল। আমরা বেশ কিছু রান কম করেছি। বাংলাদেশ যেভাবে রান করেছে, সে তুলনায় বলতে হয়, আমরা খুব সম্ভবত ৪০-৫০ রান কম করেছি।’ এদিক থেকে বোলারদের দোষ না দিয়ে হোল্ডার কৃতিত্বটা দিতে চাইলেন বাংলাদেশি ব্যাটসম্যানদেরই, ‘৩২১ রান করে আমরা জয়ের চেষ্টাই করেছি। নতুন বলে আমাদের উইকেট দরকার ছিল, যেটা আমরা তুলতে পারিনি। বাংলাদেশ ভালো ব্যাট করেছে। সাকিব খুবই ভালো খেলেছে। সঙ্গে লিটন দাসও দারুণ খেলেছে। প্রাপ্য কৃতিত্বটা ওদের দিতেই হবে।’