বৃদ্ধা মহিলাকে মধ্যযুগীয় কায়দায় মারধর: সাবেক সেনাসদস্যসহ আটক ৩
ফরিদপুরের বোয়ালমারীতে এক বৃদ্ধা মহিলাকে রাতের আঁধারে ধরে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযোগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত এক সেনা সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার রাতে উপজেলার ময়না ইউনিয়নের ইচাখালী গ্রামের মৃত আকরাম শেখের স্ত্রী মোসা. ভানু বেগম (৭৫) ইফতার করে পাশের আকমল শেখের বাড়িতে গিয়ে ছিল। সে বাড়ি থেকে একই গ্রামের চাকুরিচ্যুত সেনা সদস্য মাসুদুর রহমানসহ তার ছোট ভাই জিয়া শেখ ও তার স্ত্রী মাহিদা বেগম মিলে বৃদ্ধা মহিলাকে ওই বাড়ি থেকে ধরে এনে তাদের বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় ওঠে। পরে তারাবির নামাজ শেষে ওই বৃদ্ধা মহিলাকে ইউপি সদস্য মো. রাশেদ মোল্যা এসে উদ্ধার করে।
এদিকে বিষয়টি খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে সেনাসদস্যসহ তিনজনকে আটক করেছেন।
এলাকাসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা মহিলার সাথে শত্রুতা করে আসছে মাসুদুর রহমান। সাবেক সেনা সদস্যের দাপটে প্রায়ই ওই নিরীহ পরিবারটির ওপর বিভিন্ন প্রকার নির্যাতন করতো। এর আগেও ওই বৃদ্ধা মহিলার ছেলে মো. কায়েম শেখের বাড়িতে গিয়ে ঘরবাড়ি ভাংচুর ও তার স্কুল পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানি করেছিল সেনাসদস্য মাসুদ।
এবিষয়ে বোয়ালমারী থানার এসআই ওহিদ বলেন, ‘বৃদ্ধা মহিলাকে মারধরের কথা শুনে রাতেই ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস