নান্দাইলে অপ্রয়োজনে সমতল জমিতে ওয়াটার পাস নির্মাণ!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রামে সমতল জমিতে ওয়াটার পাস (পানি নির্গমন ব্যবস্থা) নির্মাণ করা হয়েছে। ৩ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) এটি নির্মাণ করেছে।

কৃষিজমির পানি সহজে নেমে যাবার জন্য খাল বা নালাতে এই ওয়াটার পাস তৈরী করার কথা। অথচ ওই গ্রামের যে স্থানে এটি নির্মাণ করেছে সেখানে কোন খাল বা পানি চলাচলের জন্য নালা নেই। ফলে এমন স্থানে ওয়াটার পাস নির্মানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

বিএডিসি নান্দাইল উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে এই উপজেলায় ৯টি ওয়াটার পাস নির্মাণ করা হবে। এর মধ্যে জাহাঙ্গীরপুর ইউনিয়নে ৫টি ও খারুয়া ইউনিয়নে ৩টির নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়াটার পাস তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৮ হাজার টাকা।

সরেজমিনে বনগ্রাম গ্রামে নির্মিত ওয়াটার পাসটিতে গিয়ে দেখা যায়, সেখানে কোন খাল বা নালা নেই। কখনো এ জায়গা দিয়ে পানি নামার প্রয়োজন পড়েনি। উচু সমতল জমির উপর এটি নির্মাণ করা হয়েছে। সরু পায়ে হেটে চলা রাস্তার উপর নির্মিত ওয়াটার পাসটি দেখতে বড়ই বেমানান দেখাচ্ছে।

এসময় বনগ্রাম গ্রামের প্রায় ১০ জন মানুষের সাথে কথা বললে তাঁরা জানায়, আশপাশে এমন অনেক জায়গা আছে যেখানে পানি চলাচলের জন্য ওয়াটার পাস বা কালভার্ট প্রয়োজন। কিন্তু যেখানে উচু জায়গা, কোন সময় পানি জমে না সেখানে কেন স্থাপনাটি নির্মাণ করা হলো তা কেউই বুঝতে পারছেন না।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফির উদ্দিন জানান, ওইখানে ওয়াটার পাস নির্মাণ বিষয়ে তিনি কিছুই জানেননা।

বিএডিসি নান্দাইল উপজেলা উপ-সহকারি প্রকৌশলী আসাদউল্লাহ জানান, পাশের একটি খালের উপর ওয়াটার পাসটি নির্মাণ করার কথা ছিল। কিন্তু সেখানকার জমির মালিক বাধা দেবার কারণে বাধ্য হয়েই বর্তমান স্থানে করতে হয়েছে।

মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর