হেফাজতে ইসলামের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তা আজ সবাই জানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছি তার শুধু পৃষ্ঠপোষকতাই নয়, বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি।
মঙ্গলবার (২০ এপ্রিল) ওবায়দুল কাদের রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি-ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে। এখানে আলেম-ওলামা কোনো বিষয় না।
বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গত কয়েকদিনের কথা শুনলে মনে হয় হেফাজতের তাণ্ডবলীলায় তারা শুধু পৃষ্ঠপোষকতাই করেনি, এই তাণ্ডবে জড়িত ছিল।
বিএনপি নেতারা বলছেন সরকার গণবিচ্ছন্ন, এর প্রতিউত্তরে কাদের বলেন, গত ১৩ বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন।
বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপ-নির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন।
তিনি আরও বলেন, গণতন্ত্রে বন্ধুর পথ ধরে হাঁটছেন শেখ হাসিনা, বাধা-বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার। কিন্তু বিএনপি এ পথে বড় বাধা, তাদের অসহযোগিতা ও বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে।
বার্তাবাজার/নব