টাঙ্গাইলে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা-জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানার ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার রৌহায় অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বার্তা বাজারকে জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাত করণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, প্রায় ৫০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল পিপি দানা, প্রায় ৩০০ কেজি পলিথিন এবং ২ টি বোলিং মেশিন ও ১ টি কাটিং মেশিনসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর