আলফাডাঙ্গায় আ.লীগ নেতার পরিবারের ওপর হামলা, আহত ৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতাসহ তার পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (১৯ এপ্রিল) রাতে ওই আ’লীগ নেতা ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৬। এদিকে পুলিশ রাতেই মামলার এজাহারভুক্ত আসামী সৈয়দ মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছেন। পরে মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফির সাথে একই ইউনিয়নের ৩নং ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবরের রিরোধ চলে আসছিলো এবং শফিসহ তার লোকজনদের মারধরসহ খুন জখমের হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবরের নেতৃত্বে ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আ’লীগ নেতা শফির বসত বাড়ীতে প্রবেশ করে তার ভাই মো. রবিউল ইসলামের নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে মো. রবিউল ইসলাম ঘর থেকে বের হয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্তরা রবিউলের ওপর অতর্কিত হামলা করে তার মাথার ডান ও বামপাশে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে রবিউলের শোর চিৎকার শুনে বাড়ীর পাশের স্কুল মাঠ থেকে আওয়ামী লীগ নেতা শফি দৌঁড়ে আসলে অভিযুক্তরা তাকেও ঘিরে ধরে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এসময় সবার চিৎকার শুনে শফির চাচাতো ভাইয়ের ছেলে সুমন খান (২৫) ও শফির ভাইয়ের স্ত্রী রুমা বেগম এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরও মারপিট করে আহত করে। এরপর সবাইকে আহত করে অভিযুক্তরা আ’লীগ নেতার বসতঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাংচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমান তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর জানান, ‘আমি তখন বাড়িতে ছিলাম। পরে জেনেছি তারাও আমাদের লোকজনকে মারপিট করে আহত করেছে। তাই আমাদের লোকজনও তাদের মেরেছে।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। মামলা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ‘

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর