ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো চার জনের প্রাণহানি হয়েছে। এরা সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন (৭০), রাজবাড়ী জেলা সদরের লক্ষ্মীপুরের আব্দুল মান্নান (৮০), ঝিনাইদহ সদর উপজেলার ইসরাইল আলী জোয়াদ্দার (৬৫) ও ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুরের আব্দুর রহমান (৬৬)।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এপর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭শ ৩০ জন। সুস্থ হয়েছে ৮ হাজার ৯শ ৮৭জন। মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরো ৬৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৮৬ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.৩৭ এবং মৃত্যুর হার ১.৫২ শতাংশ।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস