মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর মুকুট জিতেন তানজিয়া জামান মিথিলা। মুকুট মাথায় ওঠার পর তাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তার ২০১৮ সালের একটি সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
এসব বিতর্কের জেরে এবার মিস ইউনিভার্স তালিকা থেকে বাদ পড়লেন মিথিলা। ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তার নামও ছিল মূল ওয়েবসাইটে। কিন্তু ১৯ এপ্রিল মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি।
বয়স বিতর্ক এবং যৌন হয়রানির কারণে বিতর্কিত মিথিলাকে মিস ইউনিভার্সের তালিকা থেকে বাদ দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। একটি বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা ‘সাশ ফ্যাক্টর’ নামের অনলাইন ম্যাগাজিন মিথিলার বয়স ও যৌন হয়রানির বিষয়টি তুলে ধরে।
সেখানে উল্লেখ করা হয়, ২০১৯ সালে এশিয়া মডেল ফেস্টিভ্যাল আর মিস সুপ্রান্যাশনালে অংশ নিয়েছিলেন মিথিলা। সেখানে তিনি তার বয়স ২৭ বলেছিলেন। ২০২০ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় তার বয়স একই, ২৭।
এদিকে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছে। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, তিনি আরেক মডেল সামিরা খান মাহিকে নিয়ে পুরুষ শৌচাগারে ঢুকে এক ব্যক্তির নগ্ন ভিডিও ধারণ করেছিলেন। সেটি আবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তারা।


বিষয়টি মোটেও ভালো চোখে নেয়নি নেটিজেনদের অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায় তারা। একই সঙ্গে মিথিলার বিরুদ্ধে রয়েছে আরেক প্রতিযোগীকে হয়রানির অভিযোগ।
নাম না প্রকাশ করার শর্তে মিস ইউনিভার্স বাংলাদেশে থাকা এক প্রতিযোগী জানান, মিথিলা তাদের বুলিং করত, বিভিন্নভাবে হয়রানি করত। প্রতিযোগিতায় থাকা বাকি মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। তাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি হয়রানি করেছে মিথিলা।
মিথিলাকে নিয়ে তৈরি বিতর্কের জেরে তাকে মিস ইউনিভার্স তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও মিস বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। করোনা পরিস্থিতিতে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সে মিথিলা অংশ নেবে না বলে জানিয়েছে তারা। তারা এক সপ্তাহ আগে বিষয়টি আয়োজকদের জানিয়েছে বলে জানানো হয়েছে।
বার্তাবাজার/নব