কাদের মির্জা অবরুদ্ধ!

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জাকে পৌর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার অনুসারীদের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আরও একজন গুলিবিদ্ধ হওয়ার ৮ ঘন্টা পর নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে নিজের আইডিতে তিনি লিখেন, ‘এডিশনাল এসপি শামীম এবং ওসির নির্দেশে তাণ্ডব চলছে বসুরহাট পৌরসভায়।’

নিচে হুবহু কাদের মির্জার স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
বসুরহাট পৌরসভা অবরুদ্ধ
এডিশনাল এস পি শামিম এবং ওসি র নির্দেশে তান্ডব চলছে বসুরহাট পৌরসভায়।
আমার পৌরসভার অফিস সহকারিদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমার বাড়ি থেকে ইফতার পর্যন্ত আনতে দিচ্ছে না। তারা আমার ছেলেকে মারল একটি ভিডিও ভাইরাল হল কিন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। উল্টো আমার লোকদের গ্রেফতার করছে তারা।
এই অবিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আবদুল কাদের মির্জা
মেয়র বসুরহাট পৌরসভা

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে মির্জা কাদেরের অনুসারীরা লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় এবং দুই পায়ে গুলি করে।

এরপর দুপুরে পৌরসভার ৭ নং ওয়ার্ডে উপজেলার আওয়ামী লীগের নেতা নুরুজ্জামানের ওপরও হামলা চালায় কাদের মির্জার লোকজন। এই ঘটনায় বিকালে ৪ জনকে আটক করে পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর