পাবনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, আইসিইউ ও পিসিআর ল্যাব চালুর আশাবাদ
পাবনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও কোভিড ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
পাবনা সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আইয়ুব হোসেন, সিনিয়র কনসালট্যান্ট ডাঃসালেহ মোহাম্মদ আলী, ডাঃ জাহিদ হাসান রুমী, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ আকসাদ আল মাসুর, ডাঃ আরিফুর রহমান পরাগসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পাবনায় করোনা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ সেবা চালুর তাগিদ দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় হাসপাতালে আইসিইউ চালুর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিশদ আলোচনা হয়, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হয়। কাজে ধীরগতি বা অবহেলা হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় এই মূহুর্তে হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করা জরুরী। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কাজ শেষ না হলেও, বিকল্প ব্যবস্থায় উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করতে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন। আগামী ৪ মে তারিখের মধ্যে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করে করোনা আক্রান্ত রোগীদের সেবা বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের সময় বেঁধে দেন গোলাম ফারুক প্রিন্স এমপি। পাশাপাশি হাসপাতালে লোকবল সংকট দূর করতে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়।
এদিকে, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের অগ্রগতি সম্পর্কে আলোচনায় মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ বুলবুল আহসান জানান, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের অবকাঠামোর কাজ ৯০ ভাগেরও বেশি শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের কিছু আনুষঙ্গিক কাজ চলছে। পাবনা মেডিকেল কলেজে মাইক্রো বায়োলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য বিভাগ টেকশিয়ান নিয়োগ দিলেই মেশিন পাওয়ার সাথে সাথেই পরীক্ষা শুরু সম্ভব।
জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন জানান, পিসিআর মেশিনের ব্যপারে স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে। সদর আসনের সংসদ সদস্যও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অনুরোধ করেছেন। আশা করছি দ্রুতই পিসিআর মেশিন পাওয়া যাবে।
গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও পিসিআর ল্যাব স্থাপনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমরা চিকিৎসকদের পাশে আছি। সবধরনের সহযোগিতার জন্য প্রস্তুত। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই পাবনায় পিসিআর ল্যাব স্থাপন হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম