সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার মালিকের হামলা!

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদ করতে গিয়ে বালুদস্যুদের হামলার শিকার হয়েছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ড্রেজার মালিক শাহ জামালকে আটক করলেও জরিমানা না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট জেটির পাশে যমুনা নদী থেকে ঘুইঞ্চার চর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা শাহ জামাল দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলে ব্যবসা করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসিমা নাহাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযান চলাকালে ড্রেজার মেশিনের মালিক শাহ জামাল ও তার লোকজন ভ্রাম্যমান আদালতের ওপর চড়াও হয়।

ভ্রাম্যমান আদালতের অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে ড্রেজার মালিকের হামলা। ছবি-বার্তা বাজার

ভ্রাম্যমান আদালতে অংশ নেয়া ভূমি অফিসের এক কর্মচারী জানান, অভিযান চলাকালে এসিল্যান্ড ম্যাডাম পুলিশসহ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। আমরা মেশিন ধংস করতে গেলে ড্রেজার মালিকের লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ভূমি অফিসের স্টাফ সুজনক তারা কিলঘুষি মারে।

এসময় পুলিশ ড্রেজার মেশিনের মালিক শাহ জামালকে আটক করে। এদিকে তাকে আটক করলেও জরিমানা বা শাস্তি না দিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে ড্রেজার মালিকের হামলা। ছবি-বার্তা বাজার

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসিমা নাহাত জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার মেশিন ও কিছু পাইপ ধংস করা হয়েছে। এসময় কিছু দুস্কৃতিকারী বাধা প্রদানের চেষ্টা করলে শাহজামালকে আটক করা হয়। সে অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এমন অপরাধ করবে না- মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত ও অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি জানান।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর