ঈশ্বরগঞ্জে ঝড়ে স্কুল ভবনে ফাঁটল, উড়ে গেছে টিনের ছাউনি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝড়ের তাণ্ডবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন তলা ভবনে ফাঁটল দেখা দিয়েছে। উড়ে উছে ভবনের তিন তলায় টিনের ছাউনি। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি ও ব্যাপক গাছপালা ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার মধ্য রাতের ঝড়ে ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ।
উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ বেশ কিছু এলাকায় ঘরবাড়ি ও গাছ পালার ক্ষতিগ্রস্থ হেেয়ছে। তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের তিন তলা একটি ভবনের তৃতীয় তলায় সম্প্রতি প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে টিনের ছাউনি দিয়ে শ্রেণি কক্ষ সম্প্রসারণ করা হয়েছিল। ঝড়ে সম্প্রসারিত কক্ষের ছাউনির টিন উড়িয়ে নিয়ে গেছে। ফাঁটল দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশেও। উড়িয়ে নিয়ে গেছে সৌর বিদ্যুতের প্যানেল।
এছাড়া ঝড়ে উপজেলা উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আহের বানু নামে বিধবার ঘর লন্ডভন্ড হয়ে গেছে। নি:স্বন্তান ভিক্ষুক বৃদ্ধার ঘরটি রোববার রাতের ঝড়ে উড়ে যায়। এছাড়া উপজেলা জুড়ে আরো অন্তত ২০টি পরিবারের ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। কয়েকশ’ গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।
চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিসবাহ উদ্দিন বলেন, ঝড়ে প্রতিষ্ঠানের একটি ভবনে ফাঁটলসহ টিনের চাল উড়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ক্ষতির পরিমান নির্ধারণ করে প্রতিষ্ঠান প্রধানকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
আরিফুল হক/বার্তাবাজার/ভিএস