মৃত বউয়ের মরদেহ ফেলে নাকফুল নিয়ে উধাও স্বামী

ঘরে নববধূর লাশ ফেলে রেখে নাকফুল নিয়ে উধাও হয়েছে এক স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ এপ্রিল) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা দোলারপাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসখানেক আগে ওই এলাকার আবদার আলীর ছেলে হাফিজুর রহমান হাবুর (৩০) সাথে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুছ সালামের মেয়ে তারা মনি (১৮) এর বিয়ে হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই লাশ হলো তারামনি।

নিহত তারা মনির বাবা আব্দুছ ছালাম ও তার ভাবি আফরোজা বেগম জানায়, সকালে মোবাইলে খবর পায় তাদের তারামণি বিষপান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসলে দেখেন তার শরিরের বিভিন্ন জায়গায় ফোলা ও ক্ষতের চিহ্ন ছিলো এবং বালিশের খোলে রক্তের দাগও ছিলো। গায়ে বিষের গন্ধও ছিলো না। নাকেও নাকফুল নেই। নাকফুল নিয়ে উধাও হয়েছে জামাতা হাফিজুর রহমান হাবু।

তবে ছেলের মা হাছনা বেগম জানায়, সেহরির সময় ছেলে ও ছেলের বউকে সেহরি খাওয়ার সময় ডাকাডাকি করেন। কিন্তু রোজা থাকবে না বলে সেহরি খেতে ওঠেনি ছেলে ও ছেলের বউ। পরে সকালে ছেলের বউকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন কম্বল দিয়ে মোড়ানো পুত্রবধূ। ছেলেও ঘরে নেই। কোথায় গেছেন জানেন না। একই কথা বলেন হাফিজুরের ছোট ভাই হাসান আলী (১৩)।

এছাড়াও ছেলের এর আগে আরও ২টি স্ত্রী ছিলো বলেও জানান স্থানীয়রা।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আপাতত একটি ইউডি মামলা নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।

লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর