ফরিদপুরে ইতালি প্রবাসী হত্যা: বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইতালি প্রবাসী মাসুদ রানাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে শতশত নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তারা বলেন, মাসুদ রানা এলাকায় একজন দানবীর ব্যাক্তি ছিলেন। তিনি আ’লীগ পরিবারের সন্তান। এছাড়া এলাকার বহু অসহায় ব্যাক্তিদের কর্মসংস্থান করে দিয়েছেন। প্রতিপক্ষ বাচ্চু মেম্বার মাসুদের দানকে মেনে নিতে পারেনি বিধায় পথের কাটা পরিস্কার করতেই পরিকল্পিত ভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকারী বাচ্চু সহ গংদের দ্রুত গ্রেপ্তার করে ফাসির দাবী জানাই।
এদিকে নিহত মাসুদের মা হালিমা বেগম ছেলের মৃত্যুতে পাগলপ্রায় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মাসুদরে এলাকার মানুষ ফোন করে আনছে নির্বাচন করতে। ওই বাচ্চু মেম্বার তার বিপক্ষে আমার পোলা নির্বাচন করলে খুন করার ভয় দেখালে আমি দাঁড়াবার দেই নাই। বাচ্চু মেম্বার ঠিকই আমার পোলারে খুন করে ছাড়লো। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাগো ফাঁসি চাই। এক সপ্তাহ হয়ে গেল এখনও মূল আসামীদের আটকাইতে পারলো না পুলিশ।
এসময় আরো বক্তব্য দেন, নিহতের ছোট ভাই পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ আসাদুজ্জামান, শেখ রুবেল, আনোয়ার মাতুব্বর, আক্কাস খাঁন ও আজম মুন্সি প্রমূখ।
মানববন্ধন চলাকালে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল রাতে ইতালি প্রবাসী মাসুদ রানাকে নওপাড়া বাস্ট্যান্ডের একটি চায়ের দোকানের সামনে প্রতিপক্ষরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৩৫জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস