উসকানিমূলক বক্তব্য দিয়ে গ্রেফতার হওয়া শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলামকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ বিষয়ে গাছা থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, রফিকুল ইসলামে সাত দিনের রিমান্ড চেয়ে ১৩ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ইবনে সাইদ। সেই আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, রফিকুল ইসলামকে গাছা থানার একটি মামলায় বেলা দেড়টার দিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজ বাড়িতে থেকে আটকের পর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
বার্তা বাজার/এসজে