চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত ৫ জনের প্রত্যেকের পরিবারকে ৩ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আহতদেরকে ২ কোটি টাকা করে দেওয়ার জন্যও বলা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হতাহতদের পরিবারের নিরপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব,পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১৬ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী সৈয়দা নাসরিন জানান, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
নোটিশে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের মালিকাধীন এসএস পাওয়ার লিমিটেডের ৫/৬ জন শ্রমিককে হত্যা এবং শতাধিক শ্রমিককে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
এছাড়া, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৩ কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ২ কোটি টাকা দিতে বলা হয়েছে। না হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালীতে চীনের দু‘টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এস আলম গ্রুপের মালিকাধীন এসএস পাওয়ার লিমিটেডের কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হয়। নিহত শ্রমিকরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)।
বার্তা বাজার/এসজে