কলাবোঝাই করা ট্রাক উল্টে পাবনার ঈশ্বরদীতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে উপজেলার চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশিচত করে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, রোববার রাতে উপজেলার হুদিপাড়া থেকে কলাবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও বেপারীরা চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। এ সময় কমপক্ষে ৬ জন গুরুতর আহত হন।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা বাজার/এসজে