আবারও নুরের বিরুদ্ধে মামলা

ফেসবুক লাইভ এসে ক্ষমতাসীন আওয়ামী লীগকে কটুক্তি করে বক্তব্য দেওয়ায় ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের নামে আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার ফেসবুক লাইভে এসে নূর বলেন, ‘আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। নুরের এমন বক্তব্যে আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। এ কারণে তার বিরুদ্ধে মামলাটি রুজু করার আবেদন করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, লাইভে নুর আওয়ামী লীগ সমর্থকদের ‘চাঁদাবাজ’, ‘মাদক চোরাকারবারি’, ‘ধোঁকাবাজ’, ‘বাটপার’ উল্লেখ করে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়েন, কিন্তু কখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না। তারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, মাদক চোরাচালান করে এবং টেন্ডার ব্যবসা করে। আবার নিজেদের মুসলমান দাবি করে। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারে না। যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারা প্রকৃত মুসলমান নয়।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৪ অক্টোবর ফেসবুক লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দুশ্চরিত্রা উল্লেখ করে ব্যক্তিগত বিষয়ে আঘাত করায় নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর