সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জকে কটুক্তি করা একটি পোস্ট শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর থেকে অটোরিকশা চালক রফিকুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত দিরাজ আলীর ছেলে।
দায়েরকৃত মামলায় বাদী হয়েছেন সংসদ সদস্যের চাচাতো ভাই আবু সাইদ জনি। তিনি বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে ভাইয়ের সম্মান ক্ষুন্ন করার জন্য নাম ও ছবি সম্বলিত ‘আপত্তিকর’ পোস্ট শেয়ার করেছেন। এ কারণে থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, স্থানীয় সাংসদকে নিয়ে ‘বাঁশেরকেল্লা’ নামক পেজ থেকে ১৭ এপ্রিল সন্ধ্যায় Md. Rafiqul Islam নামক আইডিতে একটি পোস্ট শেয়ার করা হয়। বিষয়টি ফেসবুকে দেখতে পেয়ে সাংসদের চাচাতো ভাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
বার্তা বাজার/এসজে