প্রাণঘাতী করোনাভাইরাস কোনো রাজনৈতিক দল ও নেতা চিনে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরকারি বাসভবন থেকে সময়সাময়িক বিষয়ে অনলাইনে নিয়মিত ব্রিফিংকালে তিনি রি কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রতিদিনই হারাচ্ছি মূল্যবান প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই এই সময়ে দোষারোপের রাজনীতি নয়, নয় অন্ধ সমালোচনার তীর ছোঁড়া, সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সারা বিশ্বে চলমান করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের প্রতি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।