অবিলম্বে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা।
রোববার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেন, রমজানে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
নেতাদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করা এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তা না হলে ঐক্যবদ্ধভাবে আলেম-উলামারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হয়রানি ও গ্রেফতার করে আলেম-উলামাদের আন্দোলন ঠেকানো যাবে না। ইসলাম ও দেশের প্রয়োজনে জনগণ জীবন দিতে প্রস্তুত।
যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নূর, মাওলানা আলী উসমান ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন।
বার্তাবাজার/নব