টাঙ্গাইলে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

রমজান মাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স আলহাজ্ব স্টোরকে ১ হাজার, মেসার্স পালকি স্টোরকে ২ হাজার, মা বাবার দোয়া স্টোরকে ২ হাজার এবং নবাব বিরিয়ানী হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এবিষয়ে ইফতেখারুল আলম রিজভী বলেন, রমজানকে পূঁজি করে কোন ব্যবসায়ী যাতে সাধারণ মানুষের কাছ থেকে অধিক অর্থ না নিতে পারে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম। এছাড়া মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরিধানসহ যাবতীয় নির্দেশনাবলি মেনে চলার আহবান জানান।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি সর্বদা অব্যাহত থাকবে।

হাসান সিকদার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর