নলছিটিতে বাড়ছে ডায়রিয়া মহামারির প্রকোপ, হাসপাতালে রোগীদের উপচে পড়া ভীর

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়া মহামারির প্রকোপ ৷ গত কয়েকদিন ধরেই নলছিটিতে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। হাসপাতালে ধারন ক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কর্মীরা। পাশাপাশি দেখা দিয়েছে আইভি স্যালাইনের চরম সংকট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারদের সাথে কথা বলে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকদিন যাবৎ রোগী ভর্তি থাকছে ১৩০ এর উপরে। গতকাল ছিল ১৫০ এর মতো। এদের মধ্যে কয়েকজন করোনা পজিটিভও পাওয়া গেছে।

বহির্বিভাগে শিশু রুমে কয়েকদিন যাবৎ বাচ্চাদের জ্বরের সাথে কনজাংটিভাইটিস মানে চোখ লাল এবং ডায়রিয়া পাওয়া যাচ্ছে ৷ যা করোনার লক্ষণ৷ গত সপ্তাহে একদিনে ১৮ টি বাচ্চার জ্বর, সর্দি, চোখ লাল পাওয়া যায়। কিন্তু করোনার টেস্ট করতে দিলে কেউ রাজি হচ্ছেনা।

এদিকে স্যালাইন সংকটের বিষয়টি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুনিবুর রহমান জুয়েল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং পৌরসভার মেয়র মহোদয়কে অবহিত করায় আজ ১৮ এপ্রিল রোজ রবিবার পৌরসভার পক্ষ থেকে ৭২৮ প্যাক আইভি স্যালাইন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন ৷

এ বিষয়ে কথা বললে নলছিটির উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি এবং চেয়ারম্যান মহোদয় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুনিবুর রহমান জুয়েল এবিষয়ে জানান, গত কয়েকদিন ধরেই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে দেখা দেয় চরম স্যালাইন সংকটের। পাশাপাশি স্বাস্থ্য কর্মীরা ধারন ক্ষমতার দ্বিগুণের বেশী রোগী ভর্তি হওয়ার কারনে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এই মুহূর্তে স্যালাইনের সাথে সব থেকে জরুরি দরকার একদল সেচ্ছাসেবক। যারা অন্তত রোগীদের স্যালাইন খোলাসহ সাধারণ কাজে স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করতে পারবেন।

আহসান ইমন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর