হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হবে।
রোববার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এবং অন্যান্য মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মামুনুলকে আমাদের হেফাজতে নেয়া হবে। আজ বিকেলেই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হবে।
মামুনুল হককে গ্রেফতারের পর তাকে মোহাম্মদপুর থানায় নেয়া হয়। সেখান থেকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেয়া হয়। এরপর আবারও মোহাম্মদপুর থানায় নেয়া হয়। তাকে ডিবি কাছে হস্তান্তর করা হবে।
এর আগে রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতায় পল্টন থানায় ও রিসোর্টকাণ্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
বার্তাবাজার/নব