চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে আন্দোলনরত ৫ শ্রমিক নিহতের ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) সকালে মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি শফিউল কবীর।
মামলা দু’টিতে বাদী হয়েছেন পুলিশ ও বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ। পুলিশের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৩ হাজার জনকে। বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কের করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে
এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসনের কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে এবং পুলিশের তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অন্তত অর্ধশত। সংঘর্ষের পর থেকেই সীমিত আকারে চালু রয়েছে বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম।
বার্তা বাজার/এসজে