বাংলাদেশকে ৬০ লাখ টিকা দেয়ার প্রস্তাব চীনের

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। এরমধ্যে ৬০ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তাব দিলো চীনা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, চীনের সিনোফার্ম একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ বিবিআইবিপি-কোরভি ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, আমরা এ বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। সমঝোতা চলছে। ভ্যাকসিনের মূল্য, কখন দিতে পারবে এবং কতগুলো দিতে পারবে- এ বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। সিনোফার্ম এ তথ্যগুলো দিলেই আমরা চীনের ভ্যাকসিন কেনার দিকে অগ্রসর হতে পারবো।

২০২০ সালের শুরুতে চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস বিবিআইবিপি-কোরভি নামে করোনার ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন তৈরি করে। এরই মধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও পাকিস্তানসহ বিশ্বের আরো কয়েকটি দেশ এ ভ্যাকসিনটি ব্যবহার করছে।

গত বছরের ৩০ ডিসেম্বর সিনোফার্ম জানায়, তাদের ভ্যাকসিনটির কার্যকারিতা ৭৯ দশমিক ৩৪ শতাংশ। এরপরই চীন সরকার ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়। ডিসেম্বরেরই শুরুর দিকে সিনোফার্ম ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় আরব আমিরাত। তৃতীয় ধাপের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন ফলের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভ্যাকসিনটির কার্যকারিতা ৮৬ শতাংশ।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার জন্য চুক্তি করেছে বাংলাদেশ সরকার। গতকাল পর্যন্ত দুই দফায় ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে। তবে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য সেরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রফতানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর