বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালের সাধীনতা সংগ্রাম চলাকালে মুজিবনগর সরকারের অধীনে চারশ টাকা বেতনে সেক্টর কমান্ডার হিসেবে চাকরি করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।
মন্ত্রী বলেন, যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।
তিনি বলেন, বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।
বার্তা বাজার/এসজে