করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে ‘সর্বাত্মক লকডাউন’। আর এই লকডাউনের চতুর্থ দিনে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় লকডাউন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ের জরিমানা করে সেগুলো বন্ধ করা হয়।
শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ বাজার, তেলঘাট, চরকালীগঞ্জ, আগানগর ইউনিয়নের গুদারাঘাট, নদীর পাড়, নাগরমহলসহ বেশকিছু এলাকায় ভ্রম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।
এদিকে অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখায় এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্য অনুসরণ করা হচ্ছে কি-না তা মনিটরিং করার পর মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়। এর পাশাপাশি জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণে কাউন্সিলিং এবং মাস্ক না পরা জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সানজিদা পারভীন বলেন, জরিমানা মুখ্য উদ্দেশ্য নয়। জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে এবং লকডাউন কার্যকর করতে আমাদের এ উদ্যোগ। এ সময় কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের সহযোগিতা কামনা করে তিনি জানান, এ অভিযান চলমান থাকবে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস