অনুমোদনহীন মেডিক্যাল পণ্য বিক্রয়ের অভিযোগে আটক ১, জরিমানা লক্ষাধিক টাকা

রংপুরে মহানগরীতে অবৈধ অনুমোদনহীন মেডিক্যাল পণ্য বিক্রি ও প্রতারণার অভিযোগে শাহিনুর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর মুলাটোল পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারক শাহিনুর রহমান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার মারুপারা গ্রামের মৃত আঃ হাকিমের পুত্র।

পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, দীর্ঘদিন থেকে আমদানি-রপ্তানির ব্যবসার আড়ালে মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিনুর রহমান বিভিন্ন অবৈধ ও নিম্নমানের বিদেশী পণ্য লোভনীয় অফার ও প্রতারণার মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে অবৈধভাবে অধিক মুনাফা লাভ করে আসছে। শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে নির্দিষ্ট পরিমান পন্য বিক্রিতে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে প্রতারণা করছিলো।

মোটরসাইকেল, গাড়ি, চারতলা বাড়ি সহ বিভিন্ন দামি দামি জিনিস দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছে মোটা অংকের টাকা নিয়েছে সে।
এমন গোপন অভিযোগের প্রেক্ষিতে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে মুলাটোল পাকার পাথায় মাহিন এন্টারপ্রাইজ এ অভিযান চালানো হয়। এতে প্রতারক শাহিনুরকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। পরে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।

এ সময় অবৈধ বিপুল পরিমান মেডিক্যাল পণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, শিক্ষিত বেকার সহ সাধারণ মানুষদের টার্গেট করে লোভনীয় অফার দিয়ে প্রতারণা করে আসছিলো প্রতারক শাহিনুর। তাকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

রকি আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর