বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ দুই দানবের হাতে পড়েছে। শনিবার (১৭ এপ্রিল) বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ আজ দুইটা দানবের হাতে পড়েছে। একটা দানব হচ্ছে দেশের সরাকার যারা আজ ভিন্ন দেশের স্বার্থ হাসিলে ব্যাস্ত। আরেকটা দানব হচ্ছে করোনা ভাইরাস। এটা শুধু আমাদের না গোটা বিশ্বকে আক্রান্ত করেছে। এর মধ্যে আমাদেরকে দলকে, আমাদের সংগঠনকে টিকিয়ে রাখা, সংগঠনকে শক্তিশালী করা- এটা অবশ্যই আমাদেরকেই করতে হবে। আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে, আমরা এখন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্ব আমরা পাচ্ছি।
‘দেশ এই মুহূর্তে ভয়াবহ সময় অতিক্রম করেছে’ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এতো কঠিন সময় এদেশের মানুষ আগে কখনও পাড় করেননি। বাংলাদেশকে অত্যন্ত সুপরিকল্পিভাবে তার স্বাধীনতা-সারভৌমত্বকে হরণ করে নিয়ে, গণতন্ত্রবিহীন করে দিয়ে এখানে জনগনের অধিকারগুলোকে কেড়ে নেয়া হচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে আমাদের যেমন সবচেয়ে প্রয়োজন ছিলো ইলিয়াস আলীর মতো সাহসী নেতাকে সেই সময়ে আমরা তাকে পাচ্ছি না।
‘ইলিয়াস আলী আমাদের জন্য প্রেরণা’ উল্লেখ করে দলের মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়া, গুম করে দেয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে এবং এটা করেই প্রথমে বাংলাদেশী জাতীয়তাবাদী যে শক্তি সেই শক্তিকে দূর্বল করে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা একেক করে লক্ষ্য করে দেখবেন যে আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্যে সম্পূর্ণভাবে আমরা যারা একটা পরিবর্তন আনার চেষ্টা করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু একইভাবে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। এটা সত্য কথা যে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে পক্ষে যারা কথা বলে, বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে যারা কখা বলেন তাদেরকে আজকে অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে শূণ্য করে দেয়া হচ্ছে, নিখোঁজ করে দেয়া হচ্ছে অথবা আটকিয়ে রাখা হচ্ছে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত করে রাখাসহ ৩৫ লক্ষ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ফখরুল।
জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহ-সভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, জহিরউদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বক্তব্য রাখেন।
বার্তাবাজার/ই.এইচ.এম