জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের সদস্য শামীম ওসমান। তিনি কবরীর বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শামীম ওসমান বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর ব্যাপক ভূমিকা ছিল। সম্পর্কে তিনি আমার চাচী ছিলেন।
তিনি আরও বলেন, গত ২-৩ মাস আগে উনার (কবরী) সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, “শামীম বাসায় আসো। তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বলেছি, “চাচী আসবো।” অনেক কথা হয়েছিল সেদিন আমাদের মধ্যে। কষ্টের বিষয়, আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কোভিডের কারণে আমার আর যাওয়া হয়নি চাচীর বাসায়। তাই শেষবারের মতো দেখাটাও হলো না চাচীর সঙ্গে।
শামীম ওসমান বলেন, তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে উনার জন্য দোয়া করেছি। আমি অত্যন্ত মর্মাহত তাঁর মৃত্যুতে। চাচীর জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচীকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী।
বার্তা বাজার/এসজে