ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন। মামলা নং- ০৪।
মামলা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া নিবাসী আট বছরের এক শিশু শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের বারাশিয়া নদীতে গোসল করছিল। এ সময় একই গ্রামের স’মিল শ্রমিক মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে ঘাড়ে করে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা তীব্র হলে শিশুটি কান্নাকাটি করে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। পরে শিশুটিকে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার গভীর রাতে ওই শিশুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে শিশুটির বাবা বাদি হয়ে শনিবার দুপুরে বোয়ালমারী থানায় ইউনুস শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় (ধর্ষণের চেষ্টা) মামলা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, শিশুটি অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে এসেছিল। ধর্ষণ চেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি ইউনুস শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি