হেফাজত নেতা মাওলানা জুবায়ের পাঁচদিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার জুবায়ের আহমদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। মাওলানা জুবায়ের আহমদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে মাওলানা জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ। পরে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর