ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার সাভারে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার এ্যাপারেন্স ভিলেজ লিমিটেড কারখানার সামনে এঘটনা ঘটে।

এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিক এবং শ্রমিক নেতাদের উপর চড়াও হয়ে হামলার চেষ্টা করে। এঘটনায় শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এব্যাপারেশ্রমিকরা জানায়, প্রায় পাঁচ হাজার শ্রমিক এ্যাপারেন্স ভিলেজ লিমিটেড কারখানায় কাজ করে।গত কয়েকদিনে কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে বিশ জনের বেশী নিরীহ শ্রমিককে বেতন না দিয়ে ছাঁটাই করে দেন। পরে শ্রমিকরা চাকুরীতে পূর্ণবহাল ও বেতনের দাবিতে শ্রমিক নেতাদের নিয়ে দুপুরে কারখানার সামনে অবস্থান নিতে গেলে কারখানার প্রধান নিরাপত্তাকর্মী মফিজুল ইসলাম দলবল নিয়ে শ্রমিক ও শ্রমিক নেতাদের উপর হামলা করে। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে।

শ্রমিক নেতা কামরান বার্তা বাজারকে জানান, এমনিতে দেশে মহামারী করোনা ভাইরাস, এর মধ্যে আবার কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়েই আমাদের ছাঁটাই করে দিয়েছে যা অমানবিক কাজ। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করবে উল্লেখ করে কারখানা কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।

তবে এ ব্যাপারে এ্যাপারেন্স ভিলেজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর