করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার যুবক আবদুর রহমান মানিকের (৩৫) মৃত্যু ঘটেছে।
শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকের জেঠাতো ভাই নুরুন্নবী কবির।
তিনি উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মরহুম নুরুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। মানিক এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
মানিকের জেঠাতো ভাই নুরুন্নবী কবির বলেন, আবদুর রহমান মানিক শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। এর আগে গত ২৯ মার্চ শবে বরাতের দিন করোনা আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালে মানিককে ভর্তি করা হয়।
এদিকে, তাঁর মৃত্যুতে চুনতি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।